সংগৃহীত ছবি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকারের সমাবেশের ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ এবং মুঠোফোনের অবস্থান শনাক্ত করে তাঁকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে সোমবার বিকেলে রণজিৎ সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে মঞ্চের আশপাশে তারা মিয়াকে দেখা যায়। সমাবেশটি কোথায় হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। রণজিৎ সরকার একটি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সভা শেষে তিনি কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন। তবে বিজিবি ও সুনামগঞ্জ পুলিশ সীমান্ত দিয়ে তাঁর প্রবেশের অভিযোগ অস্বীকার করেছে।
সিলেট থেকে আরো পড়ুন