সংগৃহীত ছবি।
সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচাকে হত্যা মামলায় মূল আসামি মির্জা টিটুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-৯ ও এসআরবি-৭-এর যৌথ দল চট্টগ্রামের বন্দর থানার ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অন্য দুজন হলেন টিটুর স্ত্রী সালমা বেগম (২৫) ও বোন মির্জা জেনি (৩৮)। গ্রেপ্তারের সময় টিটু ও সালমার সঙ্গে তাঁদের শিশু সন্তান ছিল। শিশুটির দেখভালের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এসআরবি কর্মকর্তা।
এসআরবি জানায়, গত ২৫ অক্টোবর রাতে বালাগঞ্জের পূর্ব মুসলিমাবাদ এলাকায় পাওনা টাকা চাইতে গেলে মির্জা আব্দুল লতিফ আবুলকে (৬৫) দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে তাঁকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বালাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, যৌথ অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তের পর চট্টগ্রামে অভিযান চালানো হয়। তাঁদের সিলেটে এনে আদালতে সোপর্দ করতে পুলিশ দল চট্টগ্রামের পথে রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন