প্রবাস

সৌদিতে দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের জসিমের মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ ১৪:১১

সংগৃহীত ছবি।

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জসিম উদ্দিন (২৫)। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

জসিম শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। পরিবারের জন্য অর্থ পাঠাতেন তিনি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৌদি আরবে থাকা স্বজন ও সহকর্মীরা তাঁর মৃত্যুর খবর দেশে জানানোর পর পরিবারে শোকের মাতম শুরু হয়।

স্বজনেরা জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। তিনি ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনেরা দিশাহারা। তাঁদের আকুতি, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে যেন দ্রুত জসিমের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

নিহতের চাচাতো ভাই সৌদিপ্রবাসী রাজু ও শিপন জানান, দ্রুতগতির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, তিনি লোকমুখে মৃত্যুর খবর শুনেছেন।

প্রবাস থেকে আরো পড়ুন