সংগৃহীত ছবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আজারবাইজান গেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উদীয়মান ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের আমেজ বিরাজ করছে।
রাজু জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকার গোলাম রব্বানী ভূঁইয়ার ছেলে। তিনি স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং দলের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
বুধবার সকালে ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল-২০২৬’-এ অংশ নিতে বাংলাদেশ দলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজারবাইজানের উদ্দেশে যাত্রা করেন রাজু।
বিদেশ যাত্রার আগে রাজু আহমদ ভূঁইয়া বলেন, “ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতাম। আজ দেশের হয়ে বিদেশে খেলতে যাচ্ছি, এটি আমার জন্য গর্বের বিষয়। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি।”
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সৈয়দ নূর বলেন, “রাজুর এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি সে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে।”
জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিনুর রহমান বলেন, “শৈশব থেকেই ফুটবলের প্রতি রাজুর গভীর আগ্রহ ছিল। নিষ্ঠা, পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে সে আজ জাতীয় দলে জায়গা করে নিয়েছে। হাওরাঞ্চলের একজন খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবে, এটি আমাদের জন্য গর্বের বিষয়।”
স্থানীয় ক্রীড়ানুরাগীদের প্রত্যাশা, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে রাজু ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
খেলাধুলা থেকে আরো পড়ুন