খেলাধুলা

সিলেটে বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচ দিয়ে শুরু হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

২১ জানুয়ারি পর্দা উঠছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের; স্বাগতিক বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১৩:৩৩

অফিশিয়াল লোগো।

বাংলাদেশের মাটিতে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৭। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশের যুবারা।

তৃতীয়বারের মতো আয়োজিত এ আসরে অংশ নেবে ১৬টি দল। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপপর্বে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন লড়াই হতে পারে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে সুপার সিক্সে জায়গা করে নিতে নাইজেরিয়া ও ইউএইর বিপক্ষে ভালো ফল অর্জন গুরুত্বপূর্ণ হবে।

উদ্বোধনী দিনে সিলেটে বাংলাদেশের ম্যাচের পাশাপাশি অস্ট্রেলিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচও অনুষ্ঠিত হবে। একই দিনে নেপালের কাঠমান্ডুতেও দুটি ম্যাচ আয়োজন করা হবে।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত ২২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শিরোপা রক্ষার মিশন শুরু করবে। একই দিনে সহ-আয়োজক নেপাল খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নেপালের টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে হবে খেলা।

২৬ জানুয়ারি পর্যন্ত চলবে গ্রুপপর্ব। এরপর যোগ্যতা অর্জনকারী দলগুলো অংশ নেবে সুপার সিক্স পর্বে। সেখান থেকে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।

আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। সেমিফাইনালের জন্য ৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে। ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রয়োজনে ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে হিসেবে ব্যবহার করা হবে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেছেন, অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভা প্রমাণের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটি। এই টুর্নামেন্ট ভবিষ্যতের তারকাদের সামনে নিয়ে আসবে এবং নতুন প্রজন্মের মেয়েদের ক্রিকেটে অনুপ্রাণিত করবে।

খেলাধুলা থেকে আরো পড়ুন