আন্তর্জাতিক

লক্ষ্ণৌয়ে রাবণের মুখে ইউনূস-মাস্ক-রাহুল, বিতর্কিত পোস্টার ঘিরে রাজনৈতিক আলোচনা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১৩:২৫

সংগৃহীত ছবি।

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে দশেরা উৎসবকে সামনে রেখে একটি বিতর্কিত পোস্টার প্রকাশ করেছে ‘সনাতন রক্ষা সংগঠন’। ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’ শিরোনামের ওই পোস্টারে রাবণের ১০টি মাথায় বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের মুখাবয়ব ব্যবহার করা হয়েছে।

পোস্টারে স্থান পেয়েছে বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ভারতীয় আইনজীবী প্রশান্ত ভূষণ, বিনিয়োগকারী জর্জ সরোস, মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরসহ আরও কয়েকজনের ছবি।

সংগঠনটির পক্ষ থেকে এসব ব্যক্তিকে প্রতীকীভাবে রাবণের মাথায় উপস্থাপন করা হয়েছে। পোস্টারটি প্রকাশের পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

আগামী ২০ অক্টোবর উত্তরপ্রদেশে উদযাপিত হবে দশেরা বা ‘রাবণ দহন’ উৎসব। সেই আয়োজনকে কেন্দ্র করেই পোস্টারটি প্রচার করা হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সমাজবাদী পার্টির কর্মীরা লক্ষ্ণৌর একটি এলাকা থেকে এমন একটি পোস্টার অপসারণ করছেন।

এ বিষয়ে সমাজবাদী পার্টির এক সংসদ সদস্য দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অখিলেশ যাদবের জনপ্রিয়তা বৃদ্ধিতে উদ্বিগ্ন রাজনৈতিক প্রতিপক্ষরা এ ধরনের প্রচারণা চালাচ্ছে।

পোস্টারটি রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের বিস্তারিত প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন