প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ ১৩:০০
সংগৃহীত ছবি।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
একই সঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপের মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, ১০ অক্টোবরের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
হামলায় নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবার এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিকদের জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
বাংলাদেশ হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন