খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ১৩:১৪

সংগৃহীত ছবি।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে আরও ২৯ রান যোগ করতেই অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৪৬ রান।

দ্বিতীয় দিনের শুরুতে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের শুরুতেই তাইজুল ইসলামকে হারায় দলটি। মোহাম্মদ সেলিমের লেগ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বল পুল করতে গিয়ে ব্যর্থ হন তাইজুল। প্রথমে আম্পায়ার আবেদন নাকচ করলেও রিভিউ নেয় আফগানিস্তান। রিপ্লেতে দেখা যায়, বলটি তাইজুলের গ্লাভসে লেগেছে। পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার। ৯ রান করে ফিরলে ৩৩৫ রানে বাংলাদেশের নবম উইকেটের পতন ঘটে।

শেষ ব্যাটার হিসেবে আউট হন এবাদত হোসেন। ইয়ামিন আহমাদজাইয়ের ফুলার লেংথের বলে লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটের বাইরের অংশে বল লাগান তিনি। পয়েন্টে থাকা ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নেন। সাত বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এবাদত।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সেলিম। তিনি চারটি উইকেট নেন। ইয়ামিন আহমাদজাই পান তিনটি, ইসমত আলম দুটি এবং কাইস আহমেদ নেন একটি উইকেট।

এর আগে প্রথম দিন বাংলাদেশের ইনিংসে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে তাঁরা ১২৪ রান যোগ করেন। টেস্টের মেজাজের বাইরে আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৪১ বলে ফিফটি পূর্ণ করেন তানজিদ। শেষ পর্যন্ত ৮৩ রান করে ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তানজিদের বিদায়ের পর ফিফটি পূর্ণ করেন সাদমান ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। মোহাম্মদ সেলিমের বাউন্সারে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেন সাদমান। ৬৭ রান করে আউট হলে ১৮৪ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটে।

এরপর বাংলাদেশের ইনিংসে ধস নামে। মাত্র পাঁচ রানের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। অর্ধশতকের সম্ভাবনা জাগিয়েও ৩৯ রান করে ইয়ামিন আহমাদজাইয়ের বলে আউট হন মুমিনুল হক।

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও ব্যর্থ হন। ইয়ামিনের দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে বোল্ড হয়ে ৭ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর ২৯ রান করে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২২৫ রানে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন ঘটে।

লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ ষষ্ঠ উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ২৪ রান করে ইসমত আলমের বলে বোল্ড হন মিরাজ। দলীয় ২৮৭ রানে তাঁর বিদায় ঘটে।

ক্যারিয়ারের ২১তম টেস্ট ফিফটি তুলে নেন লিটন কুমার দাস। কিন্তু ফিফটি পূর্ণ করার পরই মোহাম্মদ সেলিমের শর্ট বলে হুক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন তিনি। লিটন ৫০ রান করে ফিরলে ৩০৩ রানে বাংলাদেশের সপ্তম উইকেটের পতন ঘটে।

এরপর ২ রান করে মোহাম্মদ সেলিমের ইয়র্কারে বোল্ড হন হাসান মাহমুদ। শেষ পর্যন্ত ৩৪৬ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

খেলাধুলা থেকে আরো পড়ুন