হযরত শাহজালাল (রহ.) মাজার
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটির অধীনে ম্যানেজার, হিসাবরক্ষক এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনটি পদেই একজন করে মোট তিনজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
জেলা প্রশাসক ও হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রশাসনিক বা ব্যবস্থাপনা কাজে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এ পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
হিসাবরক্ষক পদে আবেদনকারীদের বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে হবে। বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি প্রশাসনিক বা ব্যবস্থাপনা কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আয়-ব্যয়, ক্যাশবুক, লেজার, ভাউচার, ব্যাংক হিসাব ও দৈনিক হিসাব সংরক্ষণে দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও হিসাবসংক্রান্ত সফটওয়্যার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে আবেদনকারীদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনা, বাংলা ও ইংরেজি টাইপিং, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেট, প্রিন্টার ও স্ক্যানার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র বাংলাদেশের নাগরিক ও ইসলাম ধর্মের অনুসারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বরসহ জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি জমা দিতে হবে।
আবেদনপত্র জেলা প্রশাসক, সিলেট ও হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটির আহ্বায়ক বরাবর পাঠাতে হবে। আগামী ১৫ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা দেওয়া হবে না। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
চাকরী থেকে আরো পড়ুন