প্রতীকী ছবি
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আদেশ দাস (৬০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদেশ দাস ইনাতগঞ্জ থেকে টমটম চালিয়ে রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। আমিনপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে তার টমটমে জোরে ধাক্কা দিলে টমটমটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে সিএনজিচালক তালেব মিয়ার বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তারা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ থানায় দেখানোর পর স্বজনরা তা বাড়িতে নিয়ে গেছেন এবং সৎকারের পর তারা অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সিলেট থেকে আরো পড়ুন