সিলেট

সুনামগঞ্জে পৃথক স্থান থেকে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৭

প্রতীকী ছবি

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় এক বৃদ্ধা ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইড়পাড় এলাকা এবং দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কুতুবপুর কৃষ্ণতলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মরদেহ দুটি হলো—দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী খাইরুন নেছা (৬৫) এবং জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে সুমন দত্ত (৩৩)।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, সকালে ধলাইড়পাড়ের উত্তরে একটি স্কুলের পাশে ডোবায় এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর পরিচয় জানা যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। ছবি দেখে তাঁর পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, শান্তিগঞ্জ থানা-পুলিশ জানায়, শুক্রবার রাতে নিখোঁজ হন সুমন দত্ত। তাঁকে খুঁজে না পেয়ে স্বজনেরা জামালগঞ্জ থানায় বিষয়টি জানান।
রোববার সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশের একটি খালে সুমনের মরদেহ ভাসতে দেখেন স্বজনেরা। খবর পেয়ে দুপুরে শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, সুমনকে খুঁজে না পেয়ে স্বজনেরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। পরে খালে তাঁর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এখনো স্বজনদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

সিলেট থেকে আরো পড়ুন