প্রবাস

কম্বোডিয়ায় অনাহার ও চিকিৎসার অভাবে কুলাউড়ার তরুণের মৃত্যু

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১২:১৬

সংগৃহীত ছবি।

ভালো কাজের আশায় কম্বোডিয়ায় যাওয়া মৌলভীবাজারের কুলাউড়ার নায়িম আহমদ (২৪) সিয়োনুকভিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, তিনি প্রায় এক বছর আগে স্থানীয় এক দালালের মাধ্যমে কম্বোডিয়ায় যান। সেখানে নির্মাণশ্রমিকের কাজ পেলেও কিছুদিন পর কাজ হারান। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কাজ পাননি। আর্থিক সংকটে অনাহারে দিন কাটানোর পর অসুস্থ হয়ে পড়লে কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় ইউপি সদস্য ও বাসিন্দাদের ভাষ্য, একই এলাকার প্রায় আটজন তরুণ ভালো কাজের প্রলোভনে জমিজমা বিক্রি করে ঋণ নিয়ে কম্বোডিয়ায় গেছেন। তাঁদের টুরিস্ট ভিসায় পাঠানো হয়েছিল বলে অভিযোগ। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় দালাল জুনেদ আহমদ পলাতক রয়েছেন বলে স্থানীয়দের দাবি। ভুক্তভোগী পরিবারগুলো তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। নায়িমের মরদেহ কবে দেশে ফিরবে, তা এখনো অনিশ্চিত।

প্রবাস থেকে আরো পড়ুন