প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১৫:৫৭

সংগৃহীত ছবি।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় তাঁর মৃত্যু হয়।

জসিম শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে থাকা স্বজন ও সহকর্মীরা জসিমের মৃত্যুর খবর দেশে পরিবারের সদস্যদের জানান। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনেরা দিশাহারা হয়ে পড়েছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

জসিমের চাচাতো ভাই সৌদিপ্রবাসী রাজু আহমদ জানান, প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। তাঁর মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

প্রবাস থেকে আরো পড়ুন