স্বাস্থ্য

ন্যাশনাল হাসপাতালে আহতদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা

দ্রুত তদন্তের দাবি এনডিএফের

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ১৩:২৪

ন্যাশনাল হাসপাতালে আহতদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আহতদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বুধবার (৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত শিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীরা হাসপাতালে প্রবেশ করে চিকিৎসাধীন আহতদের ওপর পুনরায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

সংগঠনটির দাবি, এ সময় হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাদের স্বজনরাও আতঙ্কের মধ্যে পড়েন এবং জরুরি বিভাগের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হয়।

এনডিএফের নেতারা বলেন, রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধের জের ধরে হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জরুরি বিভাগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যখন রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকেন, তখন এ ধরনের সহিংসতা রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে।

বিজ্ঞপ্তিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়ে হামলা ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

স্বাস্থ্য থেকে আরো পড়ুন