প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১১:৪৯
সুনামগঞ্জে চিকিৎসকের ৭০ শতাংশ পদ শূন্য, চাপে সরকারি হাসপাতালগুলো

সংগৃহীত ছবি।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালসহ জেলার ১২টি উপজেলায় চিকিৎসকের ৩৭১টি পদের বিপরীতে কর্মরত আছেন ১১২ জন। শূন্য রয়েছে ২৫৯টি পদ। চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের ঘাটতি এবং শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় সরকারি স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসকের ৭৪টি পদের বিপরীতে কর্মরত ২৪ জন। হাসপাতালসংশ্লিষ্ট সূত্রের হিসাবে, গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন আট থেকে নয় শতাধিক রোগী ভর্তি থাকছেন। শয্যা না পেয়ে অনেককে মেঝে ও সিঁড়িতে চিকিৎসা নিতে হচ্ছে। নার্সের ২৬৩টি পদের মধ্যে ৬৭টি এবং মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য কর্মীর ১৩৬টি পদের মধ্যে ১০৮টি শূন্য রয়েছে। কয়েকটি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরও অভাব রয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আলী আশরাফ সোহাগ জানান, জনবল সংকট ও অতিরিক্ত রোগীর চাপে কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হচ্ছে। জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, চিকিৎসকের ঘাটতি দীর্ঘদিনের সমস্যা এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রোগী ও তাঁদের স্বজনেরা শূন্য পদ পূরণ, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং হাসপাতালের অবকাঠামোগত সমস্যার সমাধান চান।