প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২০:৪০
রাতারগুলে রনজিৎ সরকারের সভা: পুলিশের মামলা, আটক ৪

ছবি: প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র রাতারগুলে ইকো রিসোর্ট ভাড়া নিয়ে রাজনৈতিক সভা আয়োজনের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। 

মামলায় অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে রিসোর্টের কর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে রিসোর্টের মালিক সোহেল আহমদ পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য রনজিৎ সরকারের সভা আয়োজনের ঘটনায় পুলিশ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেছে। মামলাটির নম্বর ১১। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, গত ৮ নভেম্বর রাতারগুলের ওই ইকো রিসোর্টটি শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবীর মাধ্যমে ভাড়া নেওয়া হয়। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেখানে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিৎ সরকার। সেখানে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দেন। পরে স্থান ত্যাগ করেন।

আলোচিত এ ঘটনায় রিসোর্টে অভিযান চালিয়ে সমাবেশে ব্যবহৃত ব্যানার, সাতটি খালি মদের বোতল, পানির নিচে দেখার উপযোগী খেলনা জাতীয় বস্তু এবং ইয়ারগানের গুলির মতো ৪০টি ধাতব সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় রিসোর্টের কর্মীসহ চারজনকে আটক করা হলেও মালিক সোহেল আহমদ পলাতক থাকায় তাঁকে আটক করা যায়নি।

এর আগে, সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য রনজিৎ সরকার। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।

ভিডিও দেখে সুনামগঞ্জ জেলা পুলিশ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।