প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৯:৫৬
'প্রতিমন্ত্রীর বক্তব্য ঘুসকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক অপপ্রচার'

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দাবি, প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যে সরকারি উন্নয়নকাজের মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা ছিল।

তার বক্তব্যকে উপহারের মোড়কে ঘুসকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক অপপ্রচার। বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল এলজিইডির নবনিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের গুণগত মান নিশ্চিত হওয়ার পর ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দেন তিনি।

পাশাপাশি সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) ও সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। তবে প্রতিমন্ত্রীর মূল বক্তব্য উপেক্ষা করে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপের কিছু বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়। এতে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় বলেছে, প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুস লেনদেনকে বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা অনভিপ্রেত। এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচারের শামিল।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকার স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই।

এদিকে, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি তার অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করেছেন।

ওই বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

বিজ্ঞপ্তির প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি প্রতিরোধে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।