প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১২:১২
অর্থদণ্ডের ৫০ হাজার টাকা পেয়ে ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

সংগৃহীত ছবি।

সিলেট কেন্দ্রীয় কারাগারে ২৩ বছর বন্দি থাকার পর রোববার (৮ নভেম্বর) মুক্তি পেয়েছেন চা-শ্রমিক নাইটু রাজু মুণ্ডা (৫০)। হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া রাজুর সাজা মানবিক বিবেচনায় মওকুফের আদেশ হলেও আদালতের নির্ধারিত ৫০ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় তাঁর মুক্তি আটকে ছিল।

রাজুর পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা জানার পর জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় অর্থদণ্ডের বিষয়টি তুলে ধরা হয়। সভায় উপস্থিত সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ৫০ হাজার টাকা দেওয়ার দায়িত্ব নেন। অর্থদণ্ড পরিশোধের পর রাজু কারাগার থেকে মুক্তি পান। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার সূত্র জানায়, রাজু ২০০৩ সাল থেকে বন্দি ছিলেন। জেল কোডের ৫৬৯ বিধান অনুযায়ী সাজা মওকুফের উদ্যোগ নেওয়া হলেও অর্থদণ্ড বাকি থাকায় প্রক্রিয়াটি আটকে যায়। হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা রাজু মুক্তির পর বলেন, কারাভোগের পর এখন সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে চান।