প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১২:১৮
ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল ব্যাহত

সংগৃহীত ছবি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধের কারণে রোববার ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। অবরোধে সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এবং ঢাকাগামী কালনী এক্সপ্রেস আজমপুর স্টেশনে আটকে যায়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বাসুদেব ইউনিয়ন থেকে আলাদা করা ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—আবার ওই ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবিতে স্থানীয়রা রেলপথ ও আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করেন। পাশাপাশি কয়েকটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদ জানান তাঁরা।

স্থানীয়দের ভাষ্য, চলতি বছরের মে মাসে ছয়টি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে গ্রামগুলোকে বাসুদেব ইউনিয়নে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছেন তাঁরা। নতুন উপজেলা গঠনের প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ে স্থানীয় সরকার বিভাগের চিঠির খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের ক্ষোভ আরও বেড়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে।