প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১২:৩৫
সিলেটে এক দিনে হাম শনাক্ত ১০ জনের, হাসপাতালে সন্দেহভাজন ৫৫৪

প্রতীকী ছবি

সিলেট বিভাগে নতুন করে ১০ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ১৫৭ জনে। 

এর মধ্যে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২০০ (এর মধ্যে দুজন রুবেলা), মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।

শুক্রবার (৬ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে ১৭৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি আছেন ৫৫৪ জন। তাঁদের মধ্যে ২০০ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৬৯ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। নতুন করে সন্দেহজনক হাম রোগে কোনো মৃত্যুর খবর নেই।