সংগৃহীত ছবি।
ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীদের মাধ্যমে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা এবং তাঁদের আহত হওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি, ডিজিটাল রিপোর্টার্স ফোরাম ও ইয়ুথ জার্নাল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের আইনানুগ জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে। ডিজিটাল রিপোর্টার্স ফোরাম ঘটনার সময় আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তদন্তেরও আহ্বান জানিয়েছে। সংগঠনটির দাবি, সাংবাদিকদের কাছ থেকে নেওয়া মুঠোফোন ও প্রয়োজনীয় সরঞ্জাম ফেরত দিতে হবে। ইয়ুথ জার্নাল বলেছে, পরীমনির পক্ষ থেকেও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকায় সেগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।
আইটি ল্যাব সলিউশন্স লি.