সংগৃহীত ছবি।
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর মামলায় সাবেক এসআই আকবর হোসেন ভূঞাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুন অর রশীদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুই পুলিশ সদস্য এএসআই আশেক এলাহী ও এসআই হাসান উদ্দিন এবং সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় দেন। সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন জানান, ছয় আসামির মধ্যে কেবল আশেক এলাহী কারাগারে আছেন; বাকিরা পলাতক।
২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়ার পর পিবিআই ২০২১ সালের ৫ মে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। একই বছরের ৩০ সেপ্টেম্বর বিচার শুরু হয়।
মামলার প্রধান আসামি সাবেক ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তির পর পলাতক রয়েছেন। রায় ঘোষণার আগে রায়হানের মা সালমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামিরা পলাতক থাকায় তাঁদের শাস্তি কার্যকর হবে কি না, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
আইটি ল্যাব সলিউশন্স লি.