প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১২:৫৩
চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেওয়ার লক্ষ্য

সংগৃহীত ছবি।

আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় ৪৩ লাখ কৃষককে আনার কাজ চলছে। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১ হাজার ৬৮১টি কৃষি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহের অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ২৫ হাজার কৃষকের তথ্য সংগ্রহ এবং ৯ লাখ ব্যাংক হিসাব খোলা হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানানো হয়েছে।

গত ১ অক্টোবর ৫৬ জেলার ৭৭টি উপজেলায় কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই পর্যায়ে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে মার্চ থেকে জুন পর্যন্ত প্রাক্‌-পাইলট কার্যক্রমে ১০ জেলার ১১টি কৃষি ব্লকের ২০ হাজার ৮৩২ জনকে কার্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে ২০ হাজার ৪৮০ জনকে জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৫ কোটি ১২ লাখ টাকা আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাঁদের প্রয়োজন অনুযায়ী সহায়তা ও সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। কার্ডধারীরা স্বল্প সুদের কৃষিঋণ, সেচ, সার, বীজ, প্রণোদনা, কৃষিবিমা, আবহাওয়ার তথ্য ও বালাইনাশক পরামর্শসহ ১০ ধরনের সুবিধা পাবেন।