প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২০:৫৮
সেই আকবর পলাতক, কাল রায়হান হত্যা মামলার রায়

ছবি: সংগৃহীত

সিলেটে পুলিশি হেফাজতে নিহত রায়হান আহমদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। বেলা ২টায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করবেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার ছয় আসামির মধ্যে একজন কারাগারে রয়েছেন। অন্যরা পলাতক।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। পরে সিলেট মহানগর পুলিশের অনুসন্ধানে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পাওয়া যায়।

ঘটনার পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। মামলার তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২০ সালের ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে প্রধান অভিযুক্ত আকবরকে গ্রেপ্তার করা হয়।

পরে ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। এতে আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়। অন্য অভিযুক্তরা হলেন এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন এবং সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান।

মামলার প্রধান অভিযুক্ত আকবর উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১১ আগস্ট সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। তাঁর অনুপস্থিতিতেই আলোচিত এ মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।