প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৫:৪৮
সিলেটে পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দিনের জাতীয় সেমিনার শুরু

সংগৃহীত ছবি।

সিলেট অঞ্চলে অভিযোজনভিত্তিক পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিয়ে দুই দিনব্যাপী জাতীয় সেমিনার শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘ন্যাশনাল সেমিনার অন অ্যাডাপটিভ ওয়াটার ম্যানেজমেন্ট ইন সিলেট (NSAWMS 2026)’ শীর্ষক সেমিনার শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ডিভিএম অনুষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহমদ হাসান নূর।

উপাচার্য বলেন, অতিবৃষ্টি, ঘন ঘন বন্যা ও হাওরভিত্তিক কৃষির কারণে সিলেট অঞ্চলে পানি ব্যবস্থাপনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে গবেষণার ঘাটতি চিহ্নিত করে মাঠপর্যায়ে অ্যাকশন রিসার্চ পরিচালনা করা প্রয়োজন। গবেষণার ফল যেন প্রতিবেদন বা প্রবন্ধে সীমাবদ্ধ না থেকে কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর কাজে লাগে, সে জন্য স্থানীয় অভিজ্ঞতার সঙ্গে বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয় জরুরি।

সেমিনারে বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, তরুণদের জন্য হাওরাঞ্চলের পানি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ এবং আঞ্চলিক ব-দ্বীপ ও হাওরাঞ্চল নিয়ে কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।