প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৫:৪৬
বিমানে জরুরি অবতরণের পর ঢাকায় মৃত আসামের নারী, ১০ দিন পর মরদেহ হস্তান্তর

সংগৃহীত ছবি।

চিকিৎসার জন্য বিমানে যাত্রা করা ভারতের আসাম রাজ্যের অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ ১০ দিন পর দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সূত্র জানায়, ১৮ অক্টোবর অঞ্জনা আগরতলা থেকে বিমানে কলকাতায় যাচ্ছিলেন। পথে বিমানের দরজায় ত্রুটি দেখা দিলে সেটি জরুরি অবতরণ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে অসুস্থ অঞ্জনাকে ঢাকার কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় নথিপত্রের জটিলতা দেখা দেয়। অঞ্জনা ও তাঁর সঙ্গে থাকা নিকটাত্মীয়ের পাসপোর্ট না থাকায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশন তাঁদের ট্রাভেল পারমিট দেয়। আনুষ্ঠানিকতা শেষে বুধবার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় অঞ্জনার বোন শান্তা ভৌমিকও ভারতে ফেরেন।

অঞ্জনা ভৌমিক আসামের কামরূপ জেলার আজেরা এলাকার বাসিন্দা। মরদেহ হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।