সংগৃহীত ছবি।
বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে হোটেল ইম্পেরিয়ালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেইসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ২০২৬ সালের জুলাইয়ে জাইকা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করে উন্নয়ন ও মানুষের জীবনমান বাড়াতে সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
বৈঠকে জাপানের সহায়তায় চলমান বড় উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো শেষ করা এবং অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকার প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সহজ শর্তে ঋণ ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের পক্ষ থেকে ‘বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব’ গঠন, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং কৃষি আধুনিকীকরণ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে জাপানের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। জ্বালানি চাহিদা পূরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তার অনুরোধও জানানো হয়। জাইকা প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাতে বাংলাদেশের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.