সংগৃহীত ছবি।
মৌলভীবাজারের কমলগঞ্জে শত বছরের ধারাবাহিকতায় ধলাই নদীতে পলো বাওয়া উৎসব হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রহিমপুর ইউনিয়নের মির্তিঙ্গা ব্রিজ এলাকায় আয়োজিত এ উৎসবে আশপাশের গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর এ সময় ধলাই নদীতে মাছ ধরার এ আয়োজন করা হয়। আগের দিন মুন্সীবাজারে ঢোল পিটিয়ে উৎসবের কথা জানানো হয়। সকালে মাছশিকারিরা নদীর পাড়ে জড়ো হন। নির্ধারিত সময়ে সবাই একসঙ্গে পলো ও জাল নিয়ে নদীতে নেমে মাছ ধরেন। ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে।
আয়োজকেরা জানান, মাছ পাওয়ার চেয়ে একসঙ্গে উৎসবে অংশ নেওয়াই তাঁদের কাছে বড় বিষয়। কেউ মাছ পান, আবার কেউ খালি হাতে ফেরেন। উৎসবে সব বয়সের মানুষ অংশ নেন।
উৎসব দেখতে আসা সাদিকুল ইসলাম বলেন, গ্রামবাংলার এ আয়োজন দেখতে তিনি বাজারে খবর পেয়ে এসেছেন। অংশগ্রহণকারী জসিম আহমেদ জানান, শতাধিক মানুষ উৎসবে যোগ দিয়েছেন; তাঁদের অনেকের উদ্দেশ্য মাছ ধরার পাশাপাশি ঐতিহ্যবাহী উৎসবে অংশ নেওয়া।
আইটি ল্যাব সলিউশন্স লি.