প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৮:২৭
ওমানে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, উৎকণ্ঠায় পরিবার

সংগৃহীত ছবি।

পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাটের খলিলুর রহমান রিফাত (২৭)। মাসকাটের একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। ১৬ দিন ধরে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ নেই; মোবাইল ফোন বন্ধ, কর্মস্থলেও যাচ্ছেন না। তাঁর খোঁজ না পেয়ে উদ্বেগে দিন কাটছে স্বজনদের।

রিফাত চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের আজিজুল হকের দ্বিতীয় সন্তান। পরিবারের ভাষ্য, ১৬ দিন আগে মায়ের সঙ্গে শেষবার কথা বলেছিলেন। তখন জানিয়েছিলেন, তিনি ভালো আছেন। প্রথমে ফোন বন্ধ থাকাকে নেটওয়ার্কের সমস্যা মনে করলেও কয়েক দিন পর পরিবারের উদ্বেগ বাড়ে।

স্বজনেরা ওমানে থাকা তাঁর সহকর্মী, রুমমেট ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সন্ধান পাননি। মাসকাটের রেস্তোরাঁটির বিদেশি মালিকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, তবে রিফাতের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য মেলেনি।

ছেলের নিখোঁজ হওয়ার পর থেকে মা সাফিয়া আক্তার বারবার অসুস্থ হয়ে পড়ছেন। তিনি বলেন, প্রতিদিন ফোন করা ছেলে ১৬ দিন ধরে যোগাযোগ করছে না; সে বেঁচে আছে কি না, তা-ও জানেন না। ছেলের সন্ধানে সরকার ও প্রবাসীদের সহায়তা চান তিনি।

রিফাতের বাবা আজিজুল হক তাঁর সন্ধান পেতে ওমানে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।