সংগৃহীত ছবি।
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নেবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর ভাষ্য, বিষয়টি নির্বাচনী পরিবেশ ও পরিস্থিতির ওপর নির্ভর করবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সাংগঠনিক সফরে মৌলভীবাজারে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্থানীয় নির্বাচনে জামায়াত জোটগতভাবে অংশ নেবে না জানিয়ে তিনি বলেন, অতীতের মতো এবারও দল এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে। নির্বাচনের আগে পরিবেশ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ এবং উন্নয়ন বরাদ্দ নিয়ে চিফ হুইপের হুমকির অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, এ ধরনের বক্তব্য জনগণের ওপর চাপ সৃষ্টি করে। এক সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কারের প্রসঙ্গে তিনি বলেন, অন্যায়-অপরাধকে জামায়াত প্রশ্রয় দেয় না এবং সংশ্লিষ্ট সদস্যকে সংসদীয় কমিটি থেকে বাদ দিতে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে।
সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশনকে দলীয়করণ করা হচ্ছে এবং প্রবীণ ও দক্ষ সদস্যদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত সরকারের ভালো কাজের প্রশংসা করবে এবং ভুলত্রুটির গঠনমূলক সমালোচনা করবে।
সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুদণ্ড ও কারাদণ্ডের ঘটনায় সরকারের কূটনৈতিক ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। এ ছাড়া গণমাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ডের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কোনো অপরাধীকে ক্ষমা করার কথা তিনি বলেননি। ভুক্তভোগী পরিবার আইনি পদক্ষেপ নিলে জামায়াত তাদের আইনি সহায়তা দেবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির প্রকৌশলী শাহেদ আলী। সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী। পরে শফিকুর রহমান জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় কর্মী সম্মেলনে যোগ দেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.