প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১২:২৬
পিএইচপির নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকসহ সাত ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

প্রতীকী ছবি

পিএইচপি প্রোগ্রামিং ভাষায় শনাক্ত নিরাপত্তা ত্রুটির প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক, ভূমি সেবা এবং ছয়টি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এসব ওয়েবসাইট বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়ানো ও প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাইয়ের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার থেকে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকও ওয়েবসাইট বন্ধ করেছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলো জানিয়েছে, নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হলে ওয়েবসাইটগুলো আবার চালু করা হবে।

পিএইচপির নিরাপত্তা ত্রুটির কারণে ভূমি মন্ত্রণালয়ও ডিজিটাল ভূমি সেবার ওয়েবসাইট বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ করছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৩৬ ঘণ্টা land.gov.bd থেকে ভূমিসেবা নেওয়া যাবে না।

সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট ২২ অক্টোবর পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে জরুরি সতর্কবার্তা জারি করে। এতে প্রতিষ্ঠানগুলোকে সার্ভারে পিএইচপির ব্যবহার শনাক্ত, সংস্করণ ঝুঁকিপূর্ণ কি না যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।