প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১২:১১
জুড়ীতে নদীভাঙনে হুমকিতে বসতভিটা, সহায়তা চান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো

সংগৃহীত ছবি।

জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামে জুড়ী নদীর ভাঙনে কয়েকটি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা এবং আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে।

ভুক্তভোগীরা জানান, ইতিমধ্যে আব্দুল মালিকের রান্নাঘর নদীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ইলিয়াস আলী, ইস্রাব আলী, ইয়াজ আলী, আয়াজ আলী ও আবুল কালামের বসতভিটার অংশ ভাঙনের কবলে পড়েছে। তারা দরিদ্র মানুষ এবং সীমিত সামর্থ্যে বসতভিটায় বসবাস করছেন। সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে বসতভিটার আরও অংশ নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা।

ক্ষতিগ্রস্তরা মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর সুদৃষ্টি কামনা করে প্রত্যাশা জানান, তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে ব্যবস্থা নেবেন। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা জানান, তিনি স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।