প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ১৮:০৬
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমদের নাগরিক সংবর্ধনা শনিবার

সংগৃহীত ছবি।

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও বেথনাল গ্রীন ওয়েস্ট ওয়ার্ডের কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন । সম্প্রতি দেশে এসে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া কুটনৈতিক বিভিন্ন মহলের সাথেও সাক্ষাতে মিলিত হন তিনি।
এদিকে ব্যারিস্টার মুশতাক আহমেদের নিজ এলাকা দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে দশটায় জালালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক নেসারুল হক চৌধুরী বুস্তান এবং সদস্য সচিব এডভোকেট নাজমুল ইসলাম এতে সকলের উপস্থিতি কামনা করেছেন। 
অন্যদিকে ২ নভেম্বর সোমবার ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জালালপুর ডিগ্রি কলেজে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদ উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন। 
উল্লেখ্য, স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ ২০০০ সাল থেকে টাওয়ার হ্যামলেটসে বসবাস করছেন । তাঁর জীবনসংগ্রাম, অধ্যবসায় এবং জনসেবার প্রতি অঙ্গীকার আজ তাঁকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছে।
বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামে তাঁর জন্ম । তার পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম বেগ এবং মাতার নাম হুসনে আরা বেগম, তাঁরা দুই জনই এখন প্রয়াত।
১৮ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে যান এবং একজন প্রথম প্রজন্মের অভিবাসীর মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেন । কর্মজীবনের শুরু হয় একজন কিচেন পোর্টার হিসেবে । পরবর্তীতে তিনি নিজস্ব রেস্টুরেন্ট ব্যবসা গড়ে তোলেন এবং টানা ১২ বছর ক্যাটারিং খাতে সফলভাবে কাজ করেন।
৩২ বছর বয়সে নতুন করে শিক্ষাজীবন শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। ভর্তি হন টাওয়ার হ্যামলেটস কলেজে এবং “স্টুডেন্ট অব দ্য ইয়ার” নির্বাচিত হন । পরে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে কুইন মেরি ইউনিভার্সিটি থেকে শুরু করে ওপেন ইউনিভার্সিটি থেকে ২:১ গ্রেডে ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব ল’ থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করে ২০১৭ সালে ইনার টেম্পল থেকে ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হন।
ব্যারিস্টার মুশতাক আহমেদ বর্তমানে একজন ট্রেইনি সলিসিটর ও লিটিগেশন কনসালট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন এবং সিভিল, এমপ্লয়মেন্ট ও ইমিগ্রেশন আইনে দক্ষতার পরিচয় দিচ্ছেন । পাশাপাশি পুলিশ স্টেশন রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ছাত্র অবস্থাতেই তিনি রয়েল লন্ডন হসপিটালে একজন হেলথ এডভোকেট হিসেবে কাজ শুরু করেছিলেন এবং প্রায় ১৫ বছর এই দায়িত্ব পালন করার মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহিতাদের কল্যানে ভূমিকা রেখেছেন ।
তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে জবস, স্কিলস অ্যান্ড গ্রোথ বিষয়ক কেবিনেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া তিনি ওভারভিউ অ্যান্ড স্ক্রুটিনি কমিটির চেয়ারম্যান এবং বিভিন্ন কমিটির ভাইস-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কমিউনিটি কার্যক্রমেও তিনি রয়েছেন সক্রিয় । তিনি পুলিশ কাস্টডি ভিজিটর প্যানেল মেম্বার ও স্কুল গভর্নর হিসেবে কাজ করেছেন। কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের সাবেক নির্বাহী সদস্য এবং বিশপসওয়ে মসজিদের পরিচালক ও সেক্রেটারি হিসেবে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন । এছাড়া তিনি জালালপুর অ্যাডভান্সমেন্ট কমিটি ইউকে’র সেক্রেটারি হিসেবে নিজ এলাকার উন্নয়নেও কাজ করে যাচ্ছেন।
ব্যক্তিগত জীবনে তিনি একজন পরিবারমুখী মানুষ। তাঁর স্ত্রীর অবদান তিনি নিজের সাফল্যের মূল স্তম্ভ হিসেবে মনে করেন । তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, যাদের মধ্যে বড় ছেলে ও মেয়ে আইন পেশায় যুক্ত হয়ে পরিবারের ধারাকে এগিয়ে নিচ্ছে। সাহিত্য, দর্শন ও ধর্মতত্ত্বের প্রতিও তার গভীর আগ্রহ রয়েছে।