সংগৃহীত ছবি।
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৬ বছর বয়সী হামলাকারী কিশোরও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।
এক সংবাদ সম্মেলনে বেন্ড পুলিশ বিভাগের প্রধান মাইক ক্রান্টজ জানান, হামলাকারী কিশোর দীর্ঘ নলের আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশের চেষ্টা করে। বন্ধ দরজায় গুলি চালিয়ে সে জোরপূর্বক বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। তবে ভবনের কতটুকু ভেতরে সে প্রবেশ করতে পেরেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১টার দিকে এক ব্যক্তি কিশোরটিকে স্কুলে ঢুকতে দেখে তার পিছু নেন এবং ভেতরে প্রবেশ করেন। পরে হামলাকারীর সঙ্গে তার গুলিবিনিময় হয়। এতে কিশোরটি নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এ ঘটনা ঘটে।
হামলায় ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং এক শিক্ষক নিহত হন। এছাড়া সাত বছর বয়সী আরেক শিশু ও একজন শিক্ষক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর সঙ্গে স্কুলটির কোনো সম্পর্ক ছিল কি না, তিনি কী ধরনের অস্ত্র ব্যবহার করেছেন এবং কতটি গুলি ছুড়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে তার পরিচয়ও প্রকাশ করা হয়নি।
এছাড়া হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, প্রথমে জরুরি সেবা নম্বর ৯১১-এ একটি গাড়ির দিকে গুলি ছোড়ার খবর আসে। পরে একাধিক ফোনে স্কুলে একজন সশস্ত্র ব্যক্তির প্রবেশ ও গুলিবর্ষণের তথ্য জানানো হয়।
ঘটনার পর স্কুলটিতে নিরাপত্তাজনিত অবরোধ জারি করা হয় এবং শিক্ষার্থীদের স্বজনদের সঙ্গে পুনর্মিলনের জন্য পৃথক স্থান নির্ধারণ করে দেওয়া হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তদন্তে সহায়তা করছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তদন্তে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.