সংগৃহীত ছবি।
সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয়টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিষয়গুলো হলো অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ইংরেজি, উদ্ভিদবিজ্ঞান ও গণিত। এর ফলে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা এসব বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির সুযোগ পাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি-সংক্রান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি গত ১২ অক্টোবর সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির ৯৪তম সভার সুপারিশ এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে উল্লিখিত ছয়টি বিষয়ে মাস্টার্স কোর্সের জন্য অধিভুক্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অধিভুক্তির শর্ত অনুযায়ী সংশোধিত রেগুলেশন-২০১৯ এবং অর্থ কমিটির ৮৭তম সভার সিদ্ধান্ত অনুসারে ছয়টি বিষয়ের জন্য মোট ১ লাখ ৫০ হাজার টাকা ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত ফি জমা এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অধিভুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ছয়টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হলে সুনামগঞ্জ ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা স্থানীয়ভাবে উচ্চশিক্ষার আরও বিস্তৃত সুযোগ পাবেন। পাশাপাশি স্নাতকোত্তর পড়াশোনার জন্য অন্য জেলায় যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.