সংগৃহীত ছবি।
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে আগ্রাসী শুরু করেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নামা নাজমুল হোসেন শান্তর দল প্রথম সেশন শেষ হওয়ার আগেই ১৩৪ রান সংগ্রহ করেছে। এ সময় বাংলাদেশ হারিয়েছে একটি উইকেট।
দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার তানজিদ হাসান তামিম। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে মাত্র ৪১ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। পরে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৭১ বলে ৮৩ রান করে সাজঘরে ফেরেন তানজিদ।
অন্য প্রান্তে ধীরস্থির ব্যাটিং করে ইনিংসের ভারসাম্য ধরে রাখেন সাদমান ইসলাম। তানজিদের আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে দারুণভাবে মানিয়ে নেন বাঁহাতি এই ওপেনার।
সাদমান ও তানজিদের উদ্বোধনী জুটিতে মাত্র ১৮ ওভারেই ১০০ রান পূর্ণ করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর আবারও উদ্বোধনী জুটিতে শতরানের দেখা পেল দলটি।
তানজিদ আউট হওয়ার পর সাদমানের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। প্রথম সেশনে আর কোনো বিপদ হতে দেননি তাঁরা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার সময় সাদমান ৪১ এবং মুমিনুল ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।
আফগানিস্তানের হয়ে বাংলাদেশের একমাত্র উইকেটটি নিয়েছেন ইসমত আলম।
আইটি ল্যাব সলিউশন্স লি.