সংগৃহীত ছবি।
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আটজন শিক্ষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ পরিচালনায় প্রকাশিত তালিকায় তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) এলসেভিয়ার আন্তর্জাতিক এ তালিকা প্রকাশ করে।
তালিকায় স্থান পাওয়া শাবিপ্রবির শিক্ষকরা হলেন—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সুবহান ও অধ্যাপক ড. মিজানুর রহমান খান।
এ ছাড়া বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নুরশাদ আলী ও সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. জাবেদ ফয়সালও তালিকায় স্থান পেয়েছেন।
এলসেভিয়ারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গবেষকদের গবেষণাপত্রের সংখ্যা, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহগবেষকদের ওপর প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।
স্কোপাস ডেটাবেজের তথ্য বিশ্লেষণ করে গবেষকদের ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র ও ১৭৪টি উপক্ষেত্রে ভাগ করা হয়েছে। এসব সূচকের ভিত্তিতে বৈশ্বিক পর্যায়ে প্রভাবশালী গবেষকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
মূল্যায়নে গবেষকদের সামগ্রিক গবেষণাজীবনের কর্ম এবং সাম্প্রতিক এক বছরের গবেষণার প্রভাব—এই দুটি পৃথক বিষয় বিবেচনা করা হয়েছে।
শাবিপ্রবির আট শিক্ষক ও গবেষকের এ তালিকায় অন্তর্ভুক্তিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অঙ্গনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের এ স্বীকৃতি শাবিপ্রবির গবেষণা কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃশ্যমান করবে বলে আশা করা হচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.