প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৩
একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির সময়সীমা বাড়ল

প্রতীকী ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন সিস্টেমে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এই কাজ সম্পন্ন করতে হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, অনলাইনের মাধ্যমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে কলেজগুলোকে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটের প্যানেলে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র (এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ এবং এসকিউ কোটার প্রমাণক) যাচাই সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ভর্তি সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন গত ২ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত চলে। প্রথম ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন, যাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান। গত ১৬ সেপ্টেম্বর রাতে প্রথম ধাপের ফল প্রকাশের পর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মনোনীত শিক্ষার্থীদের সশরীরে কলেজে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়।