ছবি: প্রতিনিধি
কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে আধুনিক ও পরিকল্পিত কৃষির গুরুত্ব দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় কৃষিপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট ‘বাগান বাড়ি এগ্রো নার্সারী’।
বিভিন্ন জাতের ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা উৎপাদন ও সরবরাহের পাশাপাশি আধুনিক কৃষি কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে নার্সারিটির অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাগান বাড়ি এগ্রো নার্সারীর উদ্যোক্তা নিজাম আহমদ জানান, আগামী সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বাগান বাড়ি এগ্রো নার্সারীর কার্যক্রম শুরু হবে। দক্ষিণ সুরমা কৃষি অফিসার গৌতম পাল আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করবেন বলে ইতোমধ্যে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সে লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের বাগান বাড়ি এগ্রো অ্যান্ড নার্সারীর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করছি।
উদ্যোক্তা জানান, শুধু গাছের চারা বিক্রি নয়, কৃষি ও বৃক্ষরোপণের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং বাড়ির আঙিনা, বাগান ও কৃষিজমিকে পরিকল্পিতভাবে ব্যবহারে উৎসাহিত করাই তাদের অন্যতম লক্ষ্য। মানসম্মত চারা সরবরাহের পাশাপাশি ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী গাছ নির্বাচন ও পরিচর্যা বিষয়ে পরামর্শ দেওয়ার উদ্যোগও থাকবে।
‘বাগান বাড়ি এগ্রো নার্সারী’কে ঘিরে স্থানীয় কৃষক, বাগানপ্রেমী ও উদ্যোক্তাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে পরিচালিত হলে এ ধরনের নার্সারি স্থানীয়ভাবে ফলদ ও বনজ গাছের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, আনুষ্ঠানিক উদ্বোধনের পর ধীরে ধীরে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের চারা উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি কার্যক্রমকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।
আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্যোক্তা জানান, উদ্বোধনের পর গ্রাহকদের চাহিদা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সেবার পরিধি বাড়ানো হবে।
কৃষি ও বৃক্ষরোপণের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি একটি সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনে ‘বাগান বাড়ি এগ্রো নার্সারী’ কার্যকর ভূমিকা রাখবে- এমন প্রত্যাশা উদ্যোক্তার।
আইটি ল্যাব সলিউশন্স লি.