ছবি: প্রতিনিধি
লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের মশাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার খালের উপর একটি কালভার্ট না থাকায় প্রায় দুই থেকে আড়াইশ' মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে বর্ষার মৌসুমে এই দুর্ভোগ আরও তীব্র হয়, যখন খাল পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই রাস্তা দিয়েই গ্রামের একটি কবরস্থানে যেতে হয়, ফলে বর্ষায় লাশ দাফনেও মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীকে।
মশাদিয়া গ্রামে ১৮টি পরিবারের সমন্বয়ে একটি গুচ্ছগ্রাম রয়েছে। সব মিলিয়ে প্রায় দুই থেকে তিনশত মানুষ এই পথ ব্যবহার করে প্রতিদিন চলাচল করে। কিন্তু খালের উপর কালভার্ট না থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় বর্ষাকালে। সামান্য বৃষ্টিতেই খাল পানিতে ভরে যায়, যা পারাপারের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বর্ষার সময় অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়া বা জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি, মশাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই খালের উপর একটি কালভার্ট নির্মাণ করা হোক। একটি কালভার্ট নির্মিত হলে গ্রামের দুই থেকে তিনশত মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি বর্ষার সময় কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার দুর্ভোগ থেকেও মুক্তি মিলবে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ গ্রামবাসী স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.