প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৭
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: এমপি লুনা

ছবি: প্রতিনিধি

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাজারে প্রত্যেক দোকানদারকে নিজ নিজ দোকানের সামনের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আশপাশে কোনোভাবেই পানি জমে থাকতে দেওয়া যাবে না এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

রবিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুনা বলেন, বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন,ডেঙ্গুতে মানুষ যাতে আক্রান্ত না হয়, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় ওসমানীনগরের প্রতিটি বাজারে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ দলের নেতাকর্মীরা টিম গঠন করে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবেন।

এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সহ-সভাপতি শাহ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, কামরুল ইসলাম, যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি,যুবদল নেতা রেজন আহমদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা।