প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৯
মাধবপুরে ইউএনওকে বহনকারী জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ

মাধবপুরে ইউএনওকে বহনকারী সরকারি জিপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ইউএনওসহ জিপে থাকা তিনজন অক্ষত রয়েছেন। তবে দুর্ঘটনায় সরকারি জিপ ও কাভার্ড ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া।
রোববার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর পেছনে থাকা একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানায়, ইউএনও মো. মেহেদী হাসান মাধবপুর থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। তাঁর সরকারি জিপটি (হবিগঞ্জ-১৬-১০৬৮) সাহেব বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ইউএনওকে বহনকারী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দিকে চলে যায়। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪)ও দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি ময়মনসিংহে।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। কাভার্ড ভ্যানের চালক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চলে গেছেন। আহত হেলপার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।