সংগৃহীত ছবি।
শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত হবিগঞ্জ শিল্পপার্ক পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের জিরো ডিসচার্জ ওয়াটার প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শনিবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান প্ল্যান্টটির উদ্বোধন করেন। পরে প্রতিনিধিদলটি প্রাণ-আরএফএলের রিসাইকেল প্ল্যান্ট ও বিভিন্ন উৎপাদন কারখানা পরিদর্শন করে।
অনুষ্ঠানে ড. লুৎফর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং জিরো ডিসচার্জ প্ল্যান্টের মতো পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টেকসই উৎপাদন ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, পরিবেশ সুরক্ষা ও সম্পদের সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন এবং জিরো ডিসচার্জ ওয়াটার প্ল্যান্ট স্থাপন সেই ধারাবাহিকতার অংশ। তিনি বলেন, পানি পুনর্ব্যবহারের মাধ্যমে পানির ব্যবহার কমানো এবং শিল্পবর্জ্যের পরিবেশগত প্রভাব হ্রাস করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ, সদর দপ্তরের উপপরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখা) সাবরিন সুলতানা, উপপরিচালক (ইআইএ) মো. সামসুজ্জামান সরকার, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী এবং হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিফ প্ল্যান্ট অফিসার দীপক কুমার দেবসহ প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.