হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়া রুপালি ইলিশ।
মিঠাপানির জলাভূমি হিসেবে খ্যাত হাকালুকি হাওরে এবারও জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ। স্থানীয় জেলে ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার কয়েক গুণ বেশি ইলিশ ধরা পড়ছে।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, দেশের বিভিন্ন নদ-নদী ও হাওরে মিঠাপানিতে ইলিশের বিচরণ ও আবাসস্থল তৈরি হয়েছে। হাকালুকি হাওর কুশিয়ারা নদীর সঙ্গে সংযুক্ত থাকায় নদীতে অবস্থানরত ইলিশ এবার বেশি পরিমাণে হাওরে প্রবেশ করায় এর সংখ্যা বেড়েছে।
কুলাউড়া-বড়লেখা-চাঁদগ্রাম সড়কের আছুরিঘাট এলাকায় দেখা যায়, স্থানীয় জেলেরা হাওর থেকে ধরা দেশি প্রজাতির মাছের সঙ্গে কয়েকটি ইলিশও নিয়ে বসেছেন, যেগুলোর ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম। কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জেলে রাহুল মিয়া, মো. ওমর আলী, সুফিয়ান আহমদ, জমির মিয়া ও আহাদ মিয়া জানান, তারা কয়েকজন মিলে হাওরে বেড়জাল টেনে মাছ ধরছিলেন এবং চার-পাঁচবার জাল টানার পর কয়েকটি ইলিশ ধরা পড়ে। জেলেরা জানান, কয়েক দিন ধরে অনেকের জালেই এমন ওজনের ইলিশ ধরা পড়ছে, যা তাদের আনন্দিত করেছে এবং তারা আশা করছেন এ বছর অন্যান্য দেশি প্রজাতির মাছের উৎপাদনও বাড়বে।
কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ জানান, মেঘনা ও কুশিয়ারা নদীর সঙ্গে হাকালুকি হাওরের সংযোগ থাকায় প্রতি বছর হাওরে অল্প সংখ্যক ছোট ইলিশ ধরা পড়ে, তবে এবার ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ব্যাপক হারে ধরা পড়ছে, যাতে জেলেদের মুখে হাসি ফুটেছে। তিনি জানান, আগাম বন্যা ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের পানি কুশিয়ারা নদী হয়ে পদ্মায় মিশে যাওয়ায় ইলিশ প্রজননের জন্য স্রোতের বিপরীতে চলাচল করে থাকে এবং আগামী কয়েক বছরের মধ্যে হাওরে ইলিশ উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলাজুড়ে বিস্তৃত হাকালুকি হাওর প্রায় ১৮ হাজার ১১৫ হেক্টর আয়তনের দেশের বৃহত্তম হাওর। এর আগে ২০১৬, ২০১৯ ও ২০২২ সালেও এই হাওরে প্রচুর ইলিশ পাওয়া গিয়েছিল।
তবে সময়ের পরিক্রমায় হাওর থেকে বিভিন্ন দেশি মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ হারিয়ে যাচ্ছে। বিশেষ করে রানি মাছ, আইড়, শোল, গজার ও বাঘা গুতুমের মতো মাছ একসময় হাওরের ঐতিহ্য হলেও বর্তমানে এসবের অনেক প্রজাতিই বিলুপ্তপ্রায়। হাওরের জীববৈচিত্র্য ও দেশি মাছের উৎপাদন বাড়াতে মৎস্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনাও অবমুক্ত করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.