প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৬
শায়েস্তাগঞ্জে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা সম্পন্ন

শায়েস্তাগঞ্জে নাট্য কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

‘নাটকে গড়ি সৃজনশীল প্রজন্ম’ স্লোগানে শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর আয়োজনে নাটকের মৌলিক বিষয়ের ওপর তিন দিনব্যাপী ‘নাট্য কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেশমঞ্চে কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনয়শিল্পী, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা সাইফুল জার্নাল। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন মাধবপুরের সৈয়দ সাঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, অভিনয় ও বাচিকশিল্পী নাসরিন আক্তার। তিন দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা নাটকের মৌলিক বিষয়, অভিনয়শৈলী ও বাচিক চর্চা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণ নেন।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হারুন সাঁইয়ের সভাপতিত্বে এবং কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রশিক্ষক নাসরিন আক্তার ও সাইফুল ইসলাম জার্নাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মুখলিছুর রহমানসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে নাট্যচর্চার বিকাশ এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।