প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৫
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ

কমলগঞ্জের ধলাই নদীতে উদ্ধার অভিযান

কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে প্রিতম এরিক (পিতু) নামের এক চালক নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ প্রিতম এরিক দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা এবং ওই এলাকার টমাস এরিকের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে প্রিতম এরিক এক যাত্রীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়, এ সময় টমটমসহ চালকও পানিতে তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর প্রিতম সহায়তার জন্য চিৎকার করলে স্থানীয় কয়েকজন দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন, তবে তাদের সামনেই তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা নদীতে তার সন্ধান চালাতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং নদী থেকে টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। মৌলভীবাজারে ডুবুরি দল না থাকায় সিলেট থেকে ডুবুরি দল আসছে জানিয়ে তিনি বলেন, তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।