মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মশক নিধনে ফগিং করছেন পৌরসভার কর্মীরা।
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর স্থানীয় কর্মসূচি শুরু হয়েছে মৌলভীবাজারে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সমন্বিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
দেশব্যাপী তিন মাসব্যাপী এই কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। মৌলভীবাজারের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে জেলা প্রশাসনও অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচিতে অংশ নেয়।
কেন্দ্রীয় উদ্বোধনের পর মৌলভীবাজারে স্থানীয় কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযানটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে চৌমুহনা পয়েন্টে যায়, পরে সেন্ট্রাল রোডসহ শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় মশক নিধনে ফগিং করা হয়। পাশাপাশি জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে থাকা বিলবোর্ড, ব্যানারসহ অপ্রয়োজনীয় প্রচারসামগ্রীও অপসারণ করা হয়।
কর্মসূচিতে মৌলভীবাজারের ডিসি তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ স্কাউটস এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের পরিবেশ পরিষ্কার রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.