সংগৃহীত ছবি।
আজমিরীগঞ্জে ২১ পিস ইয়াবাসহ আটকের পর আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যান কায়েস মিয়া (২৮) নামের এক আসামি। তবে পলায়নের কয়েক ঘণ্টার মধ্যেই একই দিন রাতে পুলিশের অভিযানে তাকে পুনরায় আটক করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এই পলায়নের ঘটনা ঘটে। আটক কায়েস মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের আকিবুর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শেষ রাতে উপজেলার নোয়াগড় গ্রামে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ কায়েসকে আটক করে আজমিরীগঞ্জ থানা পুলিশ। পরদিন শুক্রবার বেলা ৩টার দিকে তাকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পাল তাকে আদালতের হাজতখানায় রেখে আসার পর কায়েস কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
আসামি পলায়নের খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে ধরতে অভিযান শুরু করে। বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পর শুক্রবার রাতেই উপজেলার শিবপাশা ইউনিয়ন এলাকা থেকে কায়েসকে পুনরায় আটক করা হয়।
পলায়নের বিষয়ে জানতে কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক কায়েসকে বিকেলে আদালতে পাঠানো হয়েছিল, সেখান থেকে পালিয়ে যাওয়ার পর পুলিশি অভিযানে রাতেই তাকে শিবপাশা থেকে পুনরায় আটক করা হয়। জেলা কোর্ট পুলিশের পরিদর্শক আফছর উদ্দিন আহমদও জানান, কোর্ট হাজত থেকে আসামি পালিয়ে গেলেও দ্রুত সময়ের মধ্যে তাকে পুনরায় আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.