প্রতীকী ছবি
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আশিষ কুমার রায় মাগুরা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে এবং পেশায় একজন আর্টিস্ট ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ছয়জন পর্যটক ‘হৈমন্তী’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। দিনভর হাওরে ঘোরাঘুরি ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে গিয়ে পরে শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে বের হন। মাগরিবের নামাজের আগে সেখান থেকে ট্যাকেরঘাটের দিকে ফেরার পথে আশিষ কুমার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে প্রথমে এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়, পরে স্পিডবোটে করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘হৈমন্তী’ হাউসবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, সকালে ছয়জন পর্যটক তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে হাউসবোটে ওঠেন এবং দিনভর হাওর ঘুরে ফেরার পথে আশিষ অসুস্থ হয়ে পড়েন।
নিহতের সঙ্গে থাকা বন্ধু রাজ শেখর বণিক জানান, শহীদ সিরাজ লেক এলাকায় ঘোরাঘুরির একপর্যায়ে আশিষকে না পেয়ে তাকে কল করলে তিনি ফোন ধরেননি, পরে তার ফোন থেকেই তাদের কাছে কল আসে এবং তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন বলে জানা যায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসকের কাছে নেন এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই পর্যটকের মৃত্যু হয়েছিল এবং ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.