শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামার কাছে হস্তান্তর করা হচ্ছে শিশু আহম্মদ মিয়াকে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে ভুলবশত একটি ট্রেনে উঠে ময়মনসিংহে চলে যাওয়া শিশু আহম্মদ মিয়া রেলওয়ে পুলিশের সহায়তায় নিরাপদে পরিবারের কাছে ফিরে এসেছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার চক্রমোহনা গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে আহম্মদ মিয়া কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে গিয়ে অসাবধানতাবশত একটি ট্রেনে উঠে পড়ে। ট্রেনটি একপর্যায়ে গিয়ে থামে ময়মনসিংহে, যেখানে অচেনা পরিবেশে বিপাকে পড়া শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, শায়েস্তাগঞ্জ থেকেই ভুল করে ট্রেনে উঠেছিল সে।
বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানানো হলে পরিচয় শনাক্তে তৎপরতা শুরু করেন পুলিশ সদস্যরা। স্থানীয়দের সহযোগিতায় শিশুটির পরিচয় ও পরিবারের ঠিকানা নিশ্চিত হওয়া যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) রাশেদ পারভেজ ছায়িম জানান, ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের সহায়তায় বিজয় এক্সপ্রেস ট্রেনযোগে শিশুটিকে আখাউড়া রেলওয়ে থানায় পাঠানো হয়। পরে সিলেট রেলওয়ে পুলিশের পুলিশ সুপার জান্নাত আফরোজের নেতৃত্বে শিশুটিকে শায়েস্তাগঞ্জে নিয়ে আসা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পুলিশ সুপার জান্নাত আফরোজের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ পারভেজ ছায়িম, কনস্টেবল হাবিবুর রহমান ও নাইমুর ইসলাম শিশুটিকে তার মামা মো. মোজাম্মেল হকের কাছে নিরাপদে হস্তান্তর করেন। শিশুটিকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন স্বজনরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.